প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
বাংলাদেশের ক্রিকেটারদের কাছে গালি হজমের অভিজ্ঞতা জানালেন ভারতের হর্ষিত রানা

একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন সৌম্য সরকার ও হর্ষিত রানা। রেফারির ভূমিকায় সাই সুদর্শন। তিনি বুঝিয়ে–শুনিয়ে আউট হওয়া সৌম্যকে মাঠ ছাড়তে বলছেন। ভাবতে পারেন এমনটা আবার কবে হলো!
ঘটনাটি ২০২৩ ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনাল ম্যাচে। সে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ভারত ‘এ’ দলের খেলোয়াড়দের অনেক গালি দিয়েছে বলে দাবি করেছেন ভারতের পেসার হর্ষিত রানা। জাতীয় দলের খেলোয়াড় হয়েও সৌম্য গালিগালাজ করেছেন বলেই নাকি তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন ভারতের ক্রিকেটাররা, এমনটাই বলেছেন হর্ষিত।
কলম্বোয় ওয়ানডে সংস্করণের সে ম্যাচে ২১১ রানে গুটিয়ে যায় আগে ব্যাটিং করা ভারত এ দল। জবাবে বাংলাদেশ এ দল বিনা উইকেটে ৭০ রান তোলার পরও ম্যাচ হারে ৫১ রানে।
এই ম্যাচ নিয়ে সম্প্রতি জনপ্রিয় ইউটিউব পডকাস্ট চ্যানেল টিআরএস ক্লিপসে কথা বলেছেন হর্ষিত, যা ইউটিউবে এসেছে গতকাল। সেখানে তিনি দাবি করেন, ‘ভারত–বাংলাদেশ ম্যাচে সব সময় লড়াই হয়। সেদিন আমরা আগে ব্যাটিং করেছিলাম, ১৬০ (২১১ রান) এর আশপাশে অলআউট হয়ে যাই। ব্যাটিংয়ের সময় ওরা আমাদের অনেক গালি দিয়েছে। যশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম প্রচুর গালি শুনেছি।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান